জুয়া চক্রে জড়িত থাকায় অভিযোগে এক সহকারী পরিচালককে বরখাস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম রাকিবুল হাসান খান রকি।
রোববার (১৯ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়।
গত বুধবার পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তারে কেন্দ্রীয় ব্যাংকে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে তিনি অফিসে অনুপস্থিত বলে জানা গেছে।
জানা গেছে, গত বুধবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করতে যায়। ওই টিমের এক সদস্য রাকিকে ফোন করে বাংলাদেশ ব্যাংকে যাওয়ায় তিনি দ্রুত অফিস ত্যাগ করেন। এরপর থেকে তিনি অফিসে অনুপস্থিত। তবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, নাকি আত্মগোপনে আছেন এ বিষয়ে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রকিবুল হাসান খান রকিকে বাংলাদেশ ব্যাংক কর্মচারি বিধিমালার ৪৫(৫) ধারার আওতায় সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা ২১(এ) ধারা অনুযায়ী জীবনধারণ ভাতা (খোরপোশ) পাবেন। এই বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান বলেন, তার বিরুদ্ধে জুয়ার কার্যক্রমের জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করলে তদন্তাধীন অবস্থায় সেই ব্যক্তিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন