ফুটবল বিশ্বকাপ শুরুর পর থেকেই আর্জেন্টিনার সমর্থনে সরব রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্টের মাধ্যমে তিনি প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফাইনালের আগে আবারও জানালেন নিজের প্রত্যাশার কথা।
রোববার (১৯ জুলাই) বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বহুল প্রতীক্ষিত এই লড়াইকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি স্পেনের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন পরীমনি।
গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “স্পেন খুব ভালো খেলছে। তবে মন বলছে, শেষ পর্যন্ত বিশ্বকাপটা মেসির হাতেই উঠবে। আমি চাই আর্জেন্টিনা জিতুক, আর মেসি গোল্ডেন বুট জিতুক।”
বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে নিজের উচ্ছ্বাস ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। ফাইনালের আগে সেই সমর্থন আরও একবার স্পষ্ট করলেন তিনি।
তবে প্রতিপক্ষ স্পেনকে মোটেও হালকাভাবে দেখছেন না পরীমনি। তার মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন দারুণ ফুটবল উপহার দিয়েছে। এরপরও তার বিশ্বাস, শেষ পর্যন্ত শিরোপা জিতবে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।
এখন দেখার বিষয়, পরীমনির প্রত্যাশা পূরণ করে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে কি না, নাকি দুর্দান্ত ছন্দে থাকা স্পেনই শেষ হাসি হাসবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন