বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের গণমাধ্যমকর্মীদের এভিয়েশন খাত সম্পর্কে কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান সমৃদ্ধ করতে ‘Civil Aviation & Air Traffic Operation’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। সোমবার (২০ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে জনসংযোগ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালার উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত ও জনস্বার্থসংশ্লিষ্ট খাত। এ বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান ও সঠিক তথ্যের বিকল্প নেই।
তিনি আরও বলেন, কর্মশালার উদ্দেশ্য হলো বেবিচকের কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবা সম্পর্কে সাংবাদিকদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়া। ভবিষ্যতেও অপারেশন, নিরাপত্তা ও এভিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
কর্মশালায় বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ারসাইড ও ল্যান্ডসাইড অপারেশন, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর মানদণ্ড ও সুপারিশকৃত কার্যপদ্ধতি (SARPs) অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
সদস্য (প্রশাসন) মোহাম্মদ লাবলুর রহমান হজযাত্রীদের সেবায় বেবিচকের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, এমবারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফ, জমজমের পানি বিতরণ, নামাজের পৃথক স্থান, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশরুম, ট্রলি, চেয়ার ও কিউ বেল্টসহ বিভিন্ন সেবার মাধ্যমে হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা হয়েছে।
এ ছাড়া সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডোর মো. নূর-ই-আলম এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC), এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট (ATFM), রেডিও ও ন্যাভিগেশন এইডস, ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (ILS), অ্যারোনটিক্যাল লাইটস, অবস্ট্যাকল লিমিটেশন সারফেস (OLS), এয়ারফিল্ড পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।
কর্মশালার বিভিন্ন সেশনে সাংবাদিকরা বিমানবন্দর পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রাফিক অপারেশন, যাত্রীসেবা এবং আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে প্রশ্ন করেন। বেবিচকের চেয়ারম্যান ও সদস্যরা এসব প্রশ্নের উত্তর দেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন