× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

যেভাবে কায়দায় মিলবে ভারতীয় ট্যুরিস্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৯:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হয়েছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে এখন ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে নিয়মিত ভিসা আবেদনের অপশন নির্বাচন করে দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা বেছে নিতে হবে। এরপর পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণসংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

আবেদন সম্পন্ন হলে একটি ওয়েব ফাইল নম্বর বা আবেদন পরিচিতি নম্বর পাওয়া যাবে, যা পরবর্তী সব কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী সাদা পটভূমির একটি ডিজিটাল ছবি আপলোড করে আবেদনপত্র প্রিন্ট করে স্বাক্ষর করতে হবে।

ভিসা আবেদনের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে। আগের কোনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে। এ ছাড়া সাম্প্রতিক তোলা রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র এবং পেশাভিত্তিক প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের অনাপত্তিপত্র বা প্রত্যয়নপত্র, ব্যবসায়ীদের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদনকারীর আর্থিক সক্ষমতার প্রমাণও দেখাতে হবে। এ জন্য গত ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী, পাসপোর্টে কমপক্ষে ১৫০ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার অনুমোদন অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের অনুলিপি জমা দেওয়া যেতে পারে।

অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নির্ধারিত অর্থ পরিশোধ ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে হবে। এরপর ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রবেশ করে সাক্ষাতের সময় নির্ধারণ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিনের সাক্ষাতের সময় আগের দিন সন্ধ্যা ৬টায় উন্মুক্ত করা হয়। তবে সময় নির্ধারণের জন্য আবেদনকারীকে বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সাক্ষাতের সময় নিশ্চিত হওয়ার পর নির্ধারিত দিনে প্রিন্ট করা আবেদনপত্র, পাসপোর্ট এবং প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে জীবাণুমুক্ত পরিবেশে পরিচয় যাচাই, আঙুলের ছাপ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর আবেদন গ্রহণ করা হবে এবং একটি রসিদ বা গ্রহণপত্র দেওয়া হবে। সাধারণত সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়।

ভিসা কেন্দ্রে যাওয়ার আগে কাগজপত্র নির্দিষ্ট ক্রমে সাজিয়ে নেওয়া ভালো। প্রথমে থাকবে প্রিন্ট করা আবেদনপত্র, এরপর অর্থ পরিশোধের রসিদ। এর সঙ্গে মূল পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট থাকলে সেটি, পাসপোর্টের তথ্যপাতার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র, পেশার প্রমাণ এবং আর্থিক সক্ষমতার নথি সংযুক্ত রাখতে হবে।

ভিসা কেন্দ্রে প্রবেশের পর প্রথমে কাগজপত্র যাচাই করা হবে। এরপর আবেদনকারীকে একটি টোকেন দেওয়া হবে। টোকেন নম্বর ডাকার পর নির্ধারিত কাউন্টারে কাগজপত্র জমা দিতে হবে। নথিপত্র যাচাই শেষে আবেদনকারীর ছবি, আঙুলের ছাপ এবং চোখের মণির তথ্য গ্রহণ করা হবে। সবশেষে একটি রসিদ দেওয়া হবে, যা পাসপোর্ট সংগ্রহের সময় দেখাতে হবে। তাই রসিদটি যত্নসহকারে সংরক্ষণ করা জরুরি।

আবেদন জমা দেওয়ার পর ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে রসিদের নম্বর ব্যবহার করে আবেদনের অগ্রগতি বা বর্তমান অবস্থা জানা যাবে। ভিসা প্রস্তুত হলে আবেদনকারীর মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানো হবে। খুদে বার্তা পাওয়ার পর রসিদে উল্লেখিত সময় অনুযায়ী সাধারণত বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়ার পর সাধারণত ন্যূনতম তিন কার্যদিবস সময় লাগে। তবে নথিপত্র যাচাই, আবেদনকারীর তথ্য এবং বিশেষ পরিস্থিতির কারণে প্রক্রিয়াকরণে আরও বেশি সময় লাগতে পারে। ভিসা অনুমোদিত হলে ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, অনলাইনে আবেদন জমা দেওয়ার পর আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকে না। তাই আবেদন জমা দেওয়ার আগে নাম, ঠিকানা, জন্মতারিখ, পাসপোর্ট নম্বরসহ সব তথ্য একাধিকবার যাচাই করে নিতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ যোগাযোগ ও আবেদন অনুসরণের জন্য আবেদন পরিচিতি নম্বর বা ওয়েব ফাইল নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে।

উল্লেখ্য, প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ২৮ জুন বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হয়েছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা।

Link copied!