হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ইরানের সম্ভাব্য হামলার সক্ষমতা আরও সীমিত করার লক্ষ্য নিয়ে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এটি টানা দশম রাতের মতো পরিচালিত অভিযান, যেখানে ইরানের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তেহরানকে "চড়া মূল্য" দিতে হবে। তার এই মন্তব্যের পরপরই নতুন হামলার ঘটনা ঘটে।
এর আগে ট্রাম্প জানান, নিহত তিন মার্কিন সেনার স্মরণে ইরানের সামরিক ও যোগাযোগ-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে। নিহত সেনাদের মধ্যে দুজন জর্ডানে এবং একজন ইরাকে প্রাণ হারান।
এদিকে ইরান দাবি করেছে, তারা বাহরাইন, জর্ডান ও সিরিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কার্যত একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে।
তবে সামরিক উত্তেজনা চরমে থাকলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। তেহরানের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার গভীর রাতে তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। একই সময় দেশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
অন্যদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী দাবি করেছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশসীমার নেভিগেশন ব্যবস্থা লক্ষ্য করে ইরানি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এতে দেশটির বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর এবং বন্দর ইমাম খোমেনিসহ কয়েকটি শহর লক্ষ্যবস্তু হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ট্যাংকার দুটি প্রণালীর দক্ষিণ দিকের একটি ঝুঁকিপূর্ণ নৌপথ ব্যবহার করছিল এবং বিস্ফোরণের পর সেগুলো চলাচল বন্ধ করে দেয়।
তবে ট্যাংকার বিস্ফোরণের এ দাবিকে অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন