‘তুমি মন দাও না দাও, আমি তোমাকেই ভালোবাসব’—এমন এক রোমান্টিক অনুভূতির গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও সজীব দাস। ‘মন দাও’ শিরোনামের নতুন গানটি সম্প্রতি রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস নিজেই। মিউজিক ভিডিওতে সজীব দাসের সঙ্গে মডেল হয়েছেন অলংকার চৌধুরী। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
গানটি সম্পর্কে গীতিকার জামাল হোসেন বলেন, ‘মন দাও’ মূলত নিখাদ ভালোবাসার একটি গান। সত্যিকারের ভালোবাসা সব সময় প্রতিদানের অপেক্ষা করে না; অনেক সময় একতরফাভাবে ভালোবেসেই যায়। তিনি মনে করেন, প্রেমের গানের আবেদন চিরন্তন এবং এই গানও শ্রোতাদের হৃদয়ে স্পর্শ করবে।
তিনি আরও জানান, সজীব দাস গানটির সুর ও সংগীতায়োজনে বিশেষ যত্ন নিয়েছেন। পাশাপাশি কনা ও সজীবের কণ্ঠও গানটিকে আরও প্রাণবন্ত করেছে। ভিডিও নির্মাণ ও মডেলিংয়ের কাজ নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
এদিকে সজীব দাস বলেন, কনার সঙ্গে তার বেশ কয়েকটি নাটকের গান শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। অনেকেই নাটকের বাইরেও তাদের নতুন গান শোনার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই অনুরোধের কথাই মাথায় রেখে ‘মন দাও’ তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, কনা ও সজীবের কণ্ঠে এর আগে প্রকাশিত ‘যদি মনটা চুরি করি’, ‘তোমার মায়ায়’ ও ‘তোমার হতে চাই’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন