আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) থেকে দেশের পাঁচটি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রথম ধাপে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ, যমুনা ব্লকবাস্টার, লায়ন্স সিনেমা এবং নারায়ণগঞ্জ সিনেস্কোপে মুক্তি পেয়েছে ‘মাস্তুল’। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও নারায়ণগঞ্জ—উভয় শাখায় প্রতিদিন দুটি করে শো অনুষ্ঠিত হবে।
নদী ও বন্দরকেন্দ্রিক প্রান্তিক মানুষের জীবন, একাকীত্ব, মানবিক সম্পর্ক, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমার কেন্দ্রীয় চরিত্র মকবুলে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসানসহ আরও অনেকে।
মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়ার পাশাপাশি চলচ্চিত্রটি অর্জন করেছে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা। দেশের বিশেষ প্রদর্শনীতেও চলচ্চিত্র, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা এর নির্মাণশৈলী, অভিনয় ও বিষয়বস্তুর প্রশংসা করেছেন।
‘সিনেমাকার’ প্রযোজিত সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় রয়েছে টঙঘর টকিজ। ওটিটি পার্টনার আইস্ক্রিন এবং টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন