কয়েক মাস ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজে উপস্থিত হয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত জুন মাসে একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন কোয়েল। তবে তখন জানানো হয়েছিল, নিয়ম অনুযায়ী সংসদ সদস্যকে নিজে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করতেই এবার সরাসরি উপস্থিত হন তিনি।
কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। এর আগে দলটির সংসদ সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক পদত্যাগ করেছিলেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে মেনকা গুরুস্বামী, বাবুল সুপ্রিয় ও রাজীব কুমারের পাশাপাশি কোয়েল মল্লিকের নামও ছিল। পরে এপ্রিল মাসে সংসদ সদস্য হিসেবে শপথ নেন এই জনপ্রিয় অভিনেত্রী।
শপথ নেওয়ার পর কোয়েল জানিয়েছিলেন, এটি তার জন্য একটি বড় ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই শপথের মাধ্যমে দেশ ও মানুষের সেবাকে তিনি একটি মহৎ কাজ হিসেবেও উল্লেখ করেছিলেন সেসময়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন