আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কাছে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে আলজিয়ার্স প্রদেশের মোহাম্মাদিয়া জেলার ওই এতিমখানায় আগুন লাগে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। পরে ভবনের বাইরে গেটের পেছনে থাকা দুটি জানালার ওপরে পোড়া গাঁথনি দেখা যায়।
বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের শরীরে বিভিন্ন মাত্রার দগ্ধতার চিহ্ন রয়েছে। এ ছাড়া উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
তবে নিহতদের পরিচয়, বয়স কিংবা অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘একটি শিশু পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুদের মৃত্যু এবং অন্যদের আহত হওয়ার খবর পেয়েছি।’
ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মাদিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস গাবরিনি রয়টার্সকে বলেন, আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, ‘এটা সত্যিই হৃদয়বিদারক। নিজের চোখে এমন দৃশ্য দেখা সহজ নয়।’
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস বেসামরিক সুরক্ষা অধিদপ্তরের বরাতে জানিয়েছে, ৮ জুলাই থেকে দেশজুড়ে বেসামরিক সুরক্ষা ইউনিটগুলো ৯১৩টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন