সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অভিযোগ করেছেন, একটি পরিবার ও তাদের ঘনিষ্ঠরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে, বিভিন্ন ধরনের নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে তারা বিদেশে অবস্থান করে সাধারণ নেতা-কর্মীদের উসকে দিচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ এসব মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করেছে এবং হত্যা, গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও অভিযোগ করেন, জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালানো হয়েছে, যাতে বহু মানুষ নিহত হয়েছেন, অনেকে আহত হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
সোহেল তাজ আরও অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে এবং এর ফলে আওয়ামী লীগ সংগঠনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি তার পোস্টে আরও বলেন, বর্তমানে বিদেশে অবস্থানরত ওই ব্যক্তিরা পাচার করা অর্থের পাহাড়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ নেতা-কর্মীদের ব্যবহার করে আবারও দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
উল্লেখ্য, গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই তথ্য জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন