দুবাইয়ে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও শ্রমবাজার সংক্রান্ত জটিলতা নিরসনে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয়ে সরকারের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে দুবাইয়ের অবস্থান স্পষ্ট হবে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেটের ইসকন মন্দিরে রথযাত্রা উৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।
দুবাইয়ের শ্রমবাজার নিয়ে প্রচলিত তথ্যগুলো যাচাই করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো ভুল তথ্য বা বিভ্রান্তি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেসব সম্ভাবনাময় শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, তাদের জন্য উন্নত আবাসন, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। শ্রম মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয় হওয়ায় চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী জানান, চা শ্রমিকরা বর্তমানে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক মজুরি, বাগান কর্তৃপক্ষের দেওয়া আবাসন সুবিধা, রেশন এবং চিকিৎসাসেবা।
তিনি আরও বলেন, চা বাগানে দীর্ঘদিন ধরে একটি বিশেষ প্রথা চালু রয়েছে। কোনো শ্রমিক চাকরি ছাড়লে বা অসুস্থতার কারণে কাজ করতে না পারলে পরিবারের অন্য সদস্যকে একই প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়া হয়। এ ধরনের ব্যবস্থা দেশের অন্য কোনো খাতে সাধারণত দেখা যায় না।
মজুরি প্রসঙ্গে তিনি বলেন, প্রতি তিন বছর পর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়। এছাড়া চলতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় শ্রমিকরা নিয়ম অনুযায়ী উৎসব ভাতা পেয়েছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই বর্তমান সরকার শ্রমিকদের প্রতি ইতিবাচক মনোভাবের প্রমাণ দিয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।
এর আগে মন্ত্রী ইসকনের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন