আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষাকালীন আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক করে নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে বলেও জানান তিনি।
বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) একজন এবং ভারতে তিনজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হাদি হত্যা মামলার আসামিরাও রয়েছেন।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি নথিপত্র ও ওয়ারেন্টের কপি পাঠানো হয়েছে।
ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় সেখানেও আটক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। স্থানীয় আদালতে বেআইনি অনুপ্রবেশের মামলার কারণে ভারত কিছুটা সময় নিলেও চুক্তি অনুযায়ী মামলা চলমান থাকা অবস্থাতেও আসামিদের প্রত্যর্পণ সম্ভব বলে জানান মন্ত্রী।
জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার পতনের প্রাক্কালে হাসপাতাল থেকে বহু নথিপত্র গায়েব, চিকিৎসায় বাধা এবং লাশ গুমের মতো ঘটনার কারণে প্রকৃত সংখ্যা নিরূপণে জটিলতা তৈরি হয়েছিল।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০ বলা হলেও সরকারের ধারণা, এ সংখ্যা ২ হাজারের বেশি। বর্তমানে ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। এর ফলে নথিবদ্ধ শহীদের সংখ্যা আরও বাড়তে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে বর্তমানে ১৫ হাজারের বেশি শহীদ ও আহত ব্যক্তির সুনির্দিষ্ট গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে। আহতদের ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিন শ্রেণিতে ভাগ করে চিকিৎসাসহ অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন