ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৭

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৫:৩৫ এএম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উত্তরের নেগোম্বো কারাগারে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষী রয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ কারাগার-সংঘর্ষ। পুলিশ জানিয়েছে, রোববার রাতভর মাদকচক্র-সংশ্লিষ্ট দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। আহতদের দ্রুত নেগোম্বো হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও কয়েকজনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের শরীরে গুলির পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সংঘর্ষের সময় আতঙ্কে নারীবন্দিরা কারাগারের ছাদে উঠে নিরাপত্তার আবেদন জানান। অতিরিক্ত ভিড়ের কারণে ছাদের একটি অংশ ধসে পড়লে কয়েকজন নারী বন্দি আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বন্দিদের স্বজনেরা কারাগারের বাইরে ভিড় করেন। স্থানীয় বাসিন্দারাও কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। পুলিশ বলছে, সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। সরকারি তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কারাগারগুলোতে বর্তমানে প্রায় ৪১ হাজার বন্দি রয়েছেন, যা ধারণক্ষমতার প্রায় চারগুণ। অতিরিক্ত বন্দি ও অপর্যাপ্ত ব্যবস্থাপনাকে এ ধরনের সহিংস ঘটনার অন্যতম কারণ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০২০ সালেও দেশটির একটি কারাগারে সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।