দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আঘাত হানায় ব্যাপক দুর্যোগ সৃষ্টি হয়েছে। প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে নিরাপত্তার স্বার্থে সাত লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে হুইঝৌ শহরের উপকূলে টাইফুনটি আঘাত হানে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি বছরে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন এটি। স্থলভাগে প্রবেশের পর এর শক্তি কিছুটা কমলেও গুয়াংডং ও আশপাশের এলাকায় প্রবল বাতাস ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গুয়াংডং ও দক্ষিণ-পূর্ব ফুজিয়ান অঞ্চলে আরও কয়েকদিন ভারি বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। উপকূলীয় বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। এদিকে টাইফুনের প্রভাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিনশ বিমান চলাচল বাতিল করা হয়েছে। হংকংয়ে অন্তত নয়জন আহত হয়েছেন। নিরাপত্তার কারণে কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এর আগে তাইওয়ানের দক্ষিণাঞ্চলেও ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া সৃষ্টি করে টাইফুনটি চীনের দিকে অগ্রসর হয়। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন