ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

শিল্প মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

মানহীন শিশু খেলনা উৎপাদন, আমদানি ও বিক্রি করা যাবে না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৪:০০ এএম

দেশে প্রথমবারের মতো শিশুদের খেলনার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা মান নির্ধারণ করেছে সরকার। ফলে এখন থেকে নির্ধারিত মান পূরণ না করে কোনো খেলনা উৎপাদন, আমদানি বা বাজারজাত করা যাবে না। একই সঙ্গে প্লাস্টিক ফিডিং বোতল, এলইডি লাইট, ভুট্টার ভোজ্যতেল, কংক্রিটের ব্লক, কৃত্রিম তন্তুর শাড়ি এবং নারী ও মেয়েদের পোশাকের কাপড়ের জন্যও নতুন বা সংশোধিত বাংলাদেশ মান (বিডিএস) বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ মান বা বিডিএস বাস্তবায়ন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। শিল্প মন্ত্রণালয় ২৩ জুন খেলনাসহ সাতটি পণ্যের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের কর্মকর্তারা বলছেন, শিশুদের ব্যবহৃত খেলনার নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে দেশে উৎপাদিত ও আমদানি করা সব খেলনা বাজারজাত করার আগে নির্ধারিত নিরাপত্তার মান পূরণ করতে হবে। এই মান নিশ্চিত করবে খেলনায় এমন কোনো উপাদান থাকবে না, যা শিশুদের শ্বাসরোধ, বিষক্রিয়া, আগুন বা শারীরিক আঘাতের ঝুঁকিতে ফেলতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন ব্যবস্থার ফলে অভিভাবকেরা তুলনামূলক নিরাপদ খেলনা কেনার সুযোগ পাবেন। বাজারে নি¤œমানের খেলনার প্রবেশ কমবে। আন্তর্জাতিক মান অনুসরণ করায় দেশীয় খেলনা রপ্তানিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

দেশের খেলনার বাজারের বড় অংশই অবশ্য এখনো আমদানিনির্ভর। বিশেষ করে চীন থেকে বিপুল পরিমাণ খেলনা আসে। পাশাপাশি স্থানীয়ভাবেও প্লাস্টিক ও অন্যান্য উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা তৈরি হয়। এত দিন এসব খেলনার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা মান না থাকায় বাজারে নি¤œমানের ও ঝুঁকিপূর্ণ খেলনা বিক্রি হয়ে আসছিল।