ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:৪৮ এএম

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠলে তা চাকরিবিধি অনুযায়ী সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২০০৫ সালে জারি করা নির্দেশনা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কর্মকা-ের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট চাকরিবিধি অনুসারে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সুযোগ কমবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এই নির্দেশনার মাধ্যমে ব্যাংকিং খাতে জবাবদিহি, সুশাসন ও পেশাদারিত্ব আরও জোরদার হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, এই সংশোধনী অবিলম্বে কার্যকর হবে। তবে এই পরিবর্তন ছাড়া ২০০৫ সালে জারি করা মূল সার্কুলারের অন্য সব নির্দেশনা আগের মতোই বহাল থাকবে।