রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দ্য ট্রেইলব্লেজার্স আয়োজিত দুদিনব্যাপী ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘ক্রিয়েটএক্স ২.০’ জমে উঠেছে। কনটেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, ব্র্যান্ডিং ও কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে তরুণদের জন্য আয়োজিত এ প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তরুণদের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক রূপালী বাংলাদেশ।
বিইউবিটি টেইফের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ‘অ্যাড মেকিং’, ‘স্টোরিটেলিং’ এবং ‘সেল মি দিস’ বিভাগে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা, বিপণন ভাবনা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরছেন। বাস্তবধর্মী চ্যালেঞ্জভিত্তিক এ আয়োজন তরুণদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখছে।
আয়োজকরা জানান, ‘ক্রিয়েটএক্স ২.০’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতা, বিপণনকর্মী ও উদ্ভাবনী চিন্তার তরুণদের জন্য শেখা, প্রতিভা প্রকাশ এবং নেটওয়ার্ক গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
প্রথম দিনের সফল আয়োজনের পর আজ সোমবার অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
দ্য ট্রেইলব্লেজার্সের কোষাধ্যক্ষ ও ‘ক্রিয়েটএক্স ২.০’-এর প্রোগ্রাম সেক্রেটারি শোভন সাহা আবির বলেন, জাতীয় পর্যায়ের এ আয়োজন তরুণদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং দক্ষতা প্রদর্শনের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। অনুষ্ঠান সফল করতে তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

