আওয়ামী লীগের শাসনামলের পুরো ১৭ বছর আমি মজলুমের কাতারে ছিলাম। এ সময় আমাকে প্রমোশন দেওয়া হয়নি। আট বছরের জুনিয়র অফিসারকে আমার মাথার ওপর বসিয়ে দেওয়া হয়েছে। এভাবে অপমান-অপদস্থ করা হয়েছে আমাদের। এটি অত্যন্ত দুঃখজনক ছিল, যা করা হয় আমাদের অনেকের সাথে।
কথাগুলো বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। গতকাল শনিবার দুপুরে সিলেট মহানগরীর সারদা হলে আয়োজিত কোতোয়ালি মডেল থানার ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসএমপি কমিশনার এ সময় আরও বলেন, ওই সময় আমাকে শুধু প্রমোশন বঞ্চিতই রাখা হয়নি, অনেক অত্যাচার, নির্যাতন করা হয়েছে। মানসিকভাবে কষ্ট দেওয়া হয়েছে। সেই আমাকে যেন মজলুমের কাতার থেকে জালিমের কাতারে নিয়ে আসা না হয়। আমি মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি। আইনশৃঙ্খলার অবনতি হয় এমন পরিস্থিতি তৈরি করবেন না। তাহলে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাকে কঠিন হতে হবে।
এ সময় এসএমপির উপকমিশনার (এসপি) সাইফ ইসলামসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তারা উপস্থিত ছিলেন। ওপেন হাউস ডে’তে প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিসহ ভুক্তভোগী ও সিলেটের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

