ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠক ব্যর্থ

দুই দিন ধরে শূন্যরেখায় নারী-শিশুসহ ১২ জন

কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:২৯ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে পতাকা বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের বিলগাথুয়া ১৫০/৩ এস সাব পিলার সংলগ্ন এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ২০ মিনিট ধরে চলা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফের পক্ষে রাণীনগর ক্যাম্পের এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

বিজিবির একটি সূত্র জানায়, আনুষ্ঠানিক এ বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ অস্বীকার করে শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি সময় চেয়ে তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে চায়। ফলে আপাতত ওই ১২ জনকে শূন্যরেখায় অবস্থান করতে হচ্ছে।

বর্তমানে আনুষ্ঠানিক এ বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রাগপুর সীমান্তের শূন্যরেখায় ১৪৮/৩-এস সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ৫০ গজ ভেতরে পুশইনের শিকার ১২ জন অত্যন্ত মানবেতর দিন কাটাচ্ছেন। এদের মধ্যে রয়েছে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিএসএফ তাদের পুশইন করেছে। এটা অবৈধ অনুপ্রবেশ। আমরা কোনোভাবে এটা সমর্থন করি না। আমাদের একটাই কথা, যারা অবৈধ অনুপ্রবেশ করেছে তাদের বিএসএফকে দেশে ফিরিয়ে নিতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে তাদের পুনরায় ভারত সীমান্তে ফেরত পাঠায়। তখন থেকেই সীমান্তের শূন্যরেখায় ১৪৮/৩-এস সীমান্ত পিলারের ভারতের অভ্যন্তরে ৫০ গজ ভেতরে পাটক্ষেতের মধ্যে পুশইনের শিকার ১২ জন অত্যন্ত মানবেতর দিন কাটাচ্ছেন। এদের মধ্যে রয়েছে ৪ জন নারী, ৪ জন পুরুষ ও ৪ শিশু। বর্তমানে সীমান্তে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শুক্রবার মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ রোকনপুর সীমান্ত এলাকায় পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২০/এমপি-এর কাছ দিয়ে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ১৫ জন ব্যক্তিকে পুনর্ভবা নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। অনুপ্রবেশের তালিকায় ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ শিশু ছিল। তবে বিজিবির তাৎক্ষণিক, কার্যকর ও দৃঢ় পদক্ষেপের কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরবর্তীতে সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা ও অনড় অবস্থানের মুখে একই দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা ওই ১৫ জন ব্যক্তিকে সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে বিজিবি ওই সীমান্তের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রেখেছে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং এ ধরনের যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিজিবি সম্পূর্ণ বদ্ধপরিকর।