সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দীর্ঘদিনের বিরোধের জেরে আব্দুস সোবাহান (৬০) নামের এক ব্যক্তিকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোবাহান ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে এবং দত্তপাড়া এলংজানি দুগ্ধ উৎপাদন সমিতির সাবেক ম্যানেজার ছিলেন।
ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গেলে সোবাহানের স্ত্রী শেফালী খাতুনও হামলার শিকার হন। দুর্বৃত্তদের কোপে তার হাত গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে সোবাহানের ঘরে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর প্রতিপক্ষের নেতৃত্বে থাকা হায়দুল ইসলামকে রক্তমাখা কাপড়-চোপড়সহ আটক করে গ্রামবাসী। পরে তাকে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের মেয়ে সাবিনা খাতুন সোমবার সকালে গণমাধ্যমকর্মীদের জানান, গ্রামের একটি মসজিদের পুকুর নিয়ে কয়েক বছর ধরে বাবলু, মোতালেব, সাইফুল ও হায়দুল গংয়ের সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছিল। প্রায় তিন বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তার ভাই সেলিম আহম্মেদ নিহত হন। ওই ঘটনায় তার বাবা আব্দুস সোবাহান প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটি বর্তমানে আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় রয়েছে।
সাবিনার অভিযোগ, মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে তার বাবাকে হুমকি দেওয়া হচ্ছিল। সাক্ষ্যগ্রহণের আগেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাবেক সদস্য আবুল হোসেন বলেন, মসজিদের পুকুর নিয়ে দুই পক্ষের বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। গ্রামবাসীর ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে সোবাহানকে হত্যা করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক হায়দুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন