ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:১২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক মো. গালিব (১৮) এবং শ্যালিকা সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাদের দেখা না পেয়ে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান। খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায়। তার বাবার নাম দেলোয়ার। অপরদিকে গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। তাদের বাবা আকরাম।

ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।