বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর থেকেই বলিপাড়ার ‘নাগিন’ খ্যাত অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে গুঞ্জনের শেষ নেই। টিনসেল টাউনের বাতাসে ভাসছে নানা মুখরোচক চর্চা। প্রথম দিকে খবর রটেছিল, সূর্য নাম্বিয়ার পরকীয়া ও প্রতারণার কারণেই নাকি এই চার বছরের দাম্পত্যে ইতি পড়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কের মোড় ঘোরে সম্পূর্ণ অন্যদিকে। বলিপাড়ার একাংশের দাবি, অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে মৌনীর ‘অতি ঘনিষ্ঠ’ বন্ধুত্বই নাকি ফাটল ধরিয়েছে তার সংসারে। অনবরত চলা এই কাটাছেঁড়ার মাঝেই এবার নিজের যৌন অভিরুচি ও সমকামিতার গুঞ্জন নিয়ে সটান মুখ খুললেন মৌনী।
সম্প্রতি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন এ অভিনেত্রী। সেখান থেকেও দিশার উদ্দেশ্যে ‘মন কেমন’ ও ভালোবাসার বার্তা পাঠান তিনি। এরপরই দেশে ফিরে একটি জনপ্রিয় পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সব বিতর্ক ধুয়ে মুছে সাফ করলেন মৌনী। সঞ্চালক যখন তাকে চারপাশের গুঞ্জন নিয়ে প্রশ্ন করেন, তখন কোনো রাখঢাক না করেই মৌনী হাসতে হাসতে উল্টো প্রশ্ন করেন, ‘ওহ! আমি সমকামী কি না, সেই গুঞ্জন তো?’
বিচ্ছেদের পর জীবনে চলা কঠিন পর্বের কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, তিনি অত্যন্ত সৌভাগ্যবান যে জীবনের প্রতিটা চড়াই-উৎরাইয়ে পরিবার ও বন্ধুদের পাশে পেয়েছেন। বিশেষ করে নিজের নারী বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার জীবনে অসাধারণ কিছু বান্ধবী আছেন। আমি আমার বান্ধবীদের বড্ড ভালোবাসি। জীবনে এমন নারীদের থাকা খুব জরুরিÑ যারা আপনাকে সবসময় উৎসাহিত করবেন। সেই দিক থেকে আমার বান্ধবীরাই সেরা।’
একই সঙ্গে বর্তমান প্রজন্মের মেয়েদের উদ্দেশে আত্মনির্ভরশীলতার বার্তা দিয়ে মৌনী বলেন, ‘আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের আর্থিক ও মানসিক স্থিতিশীলতার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনাকে মানসিক এবং আর্থিকভাবে স্বাধীন হতেই হবে।’
উল্লেখ্য, নেটপাড়ার একটা বড় অংশের ধারণা ছিল মৌনী ও দিশার রসায়ন কেবল সাধারণ বন্ধুত্বের গ-িতে সীমাবদ্ধ নয়। আর এই ‘গভীর’ সম্পর্কের প্রভাবই নাকি পড়েছে তার বিবাহিত জীবনে। মাঝে অবশ্য দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তলবিন্দরের প্রেমের গুঞ্জন ছড়াতেই নেটিজেনরা দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি। তবে জল বেশিদূর গড়ানোর আগেই এবার ময়দানে নামেন মৌনীর প্রাক্তন স্বামী।
বিচ্ছেদ নিয়ে যাবতীয় নোংরা রাজনীতি বন্ধ করতে এক বিবৃতিতে সূর্য সাফ জানান, ‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুদের নাম টেনে আনা হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের বিচ্ছেদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই।’

