চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ার বায়তুর রহমান জামে মসজিদের দীর্ঘ ৫০ বছরের সেবক মুয়াজ্জিন রমজান আলী অবসর নিয়েছেন। ১৯৭৬ সালে যোগদানের পর থেকে আজান দেওয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মুসল্লিদের সেবা নিশ্চিত করে আসছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সময় মসজিদ কমিটি তাকে সম্মাননা হিসেবে ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করে। বিদায় বেলায় আবেগাপ্লুত মুয়াজ্জিন রমজান আলী সবার কাছে ক্ষমা চেয়ে কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইব্রাহীম, খতিব মাওলানা মাহবুবুর রহমানসহ স্থানীয় ওলামায়ে কেরাম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম নবী ও অন্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান। মুয়াজ্জিনের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে মুসল্লিদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।

