ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

মহাখালীতে পাওনা টাকার বিরোধে হামলা, একই পরিবারের তিনজনকে ছুরিকাঘাত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:২৯ এএম

রাজধানীর বনানী থানাধীন মহাখালীর ওয়্যারলেস এলাকায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়্যারলেস শিশুমেলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। আহত সুমন পরিবার নিয়ে মহাখালী টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

আহতদের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মহাখালী টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা সুমন মিয়ার সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির পাওনা টাকা পরিশোধের বিষয়ে সাক্ষাতের কথা ছিল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সুমন তার স্ত্রী ও শ্যালককে নিয়ে ঘটনাস্থলে যান। অন্যদিকে, আরিফ সাত থেকে আটজন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে পাওনা টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগ্বিত-া শুরু হয়। পরে আরিফ ও তার সহযোগীরা সুমন, সোনিয়া ও রাসেলকে মারধর করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করা হয়।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম বলেন, প্রাথমিক তদন্তে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের বিষয়টি জানা গেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ রূপালী বাংলাদেশকে বলেন, আহতরা বর্তমানে চিকিৎসাধীন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।