ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৬:০৪ এএম

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিলুফার ইয়াসমিনের স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন। গতকাল রোববার  সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, রোববার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো একসময় তিনি নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, শনিবার দিনগত রাতে খবর পেয়ে দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসা থেকে নিলুফারের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের স্ত্রী নিলুফার ইয়াসমিন।