ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:০৯ এএম

বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে রাজশাহীর ঘোড়ামারা প্রধান ডাকঘর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর দেশের ডাক বিভাগের দীর্ঘ ইতিহাস, দুর্লভ ডাকটিকিট, ঐতিহাসিক খাম, ডাকসেবায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং ডাক ব্যবস্থার বিবর্তনের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উত্তরাঞ্চলের জেনারেল পোস্টমাস্টার মাহবুব এবং বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ফিলাটেলি অনুরাগী, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ডাক বিভাগের এ উদ্যোগ দেশের ডাক ঐতিহ্য সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডাক ব্যবস্থার গৌরবময় ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।