এ প্রজন্মের চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। মডেলিংয়ের মাধ্যমে সিনেমায় নাম লেখান তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশী অভিনীত সিনেমা ‘নূর’। পর্দায় তাকে শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের এক ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা। সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ঐশী জানান, দশম শ্রেণিতে পড়াকালীন এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের উত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়। ঐশী বলেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।’ ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে ঐশী এমন মারমুখী হয়ে উঠেছিলেন। উত্তরে ঐশী হেসে জানান, তখন তিনি অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না। স্মৃতিচারণা করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান। তিনি বলেন, ‘সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।’ স্কুল জীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। বর্তমানে এই অভিনেত্রী ‘সোলজার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি।

