ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে ঘিরে আবারও শুরু হয়েছে ফিসফাস, গুঞ্জন ও বিতর্ক। বেশ কয়েকদিন ধরে মা হওয়ার গুঞ্জনে চর্চায় এই নায়িকা। নেট দুনিয়ায় উত্তাল বুবলী নাকি আবারও মা হচ্ছেন। আর এই সন্তানের বাবাও নাকি চিত্রতারকা শাকিব খান। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে বুবলীর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে গেছে। সেখানে তাকে অন্য সব ছবি ও ভিডিও থেকে আলাদা দেখা গেছে। পোশাক দিয়ে নিজেকে আড়াল করতেও দেখা যায়, যা ঘিরে ব্যাপক আলোচনায় তিনি।
নতুন করে বুবলীর মা হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক মিডিয়াও। যেখানে দাবি করা হচ্ছে, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন।’ শাকিব খানের দুই স্ত্রী- একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস অপরজন শবনম বুবলী। দুজনেই চিত্রনায়কের দুই সন্তানের মা। তবে বহুদিন ধরেই এই তিনজনের মধ্যে চলছে ‘দড়ি টানাটানি’। শাকিবের দাবি, দুজনই তার প্রাক্তন।
কিছুদিন আগে দ্বিতীয় স্ত্রী বুবলী ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে এসেছেন শাকিব খান। ফেসবুকে একান্ত মুহূর্তের সেই সব ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন বুবলী। সম্প্রতি দেশের একটি অনুষ্ঠানে যোগ দেন বুবলী। সেখানে নৃত্যপরিবেশন করেন এই অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশকিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরেই নেটিজেনদের একটি অংশ দাবি তোলেন, ‘বুবলী অন্তঃসত্ত্বা’। আর এমন দাবিকেই পুঁজি করে খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
বিষয়টি জানতে একাধিকবার বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি। তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করে গণমাধ্যমকে এই নায়িকা বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে। এবারের খবরটিও সম্পূর্ণ গুজব। এর কোনো ভিত্তি নেই।’
প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। তখনও একই কথা বলেছিলেন। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে।
২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। এ ঘটনার বেশকিছুদিন পর দুজনের আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।
২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চিত্রতারকা শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন বুবলী। এ জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এরপর আর নতুন সিনেমায় দেখা যায়নি তাদের। সূত্রের খবর, শাকিব-বুবলীর মধ্যে এখন পাহাড়সম দূরত্ব।
বর্তমানে বুবলী অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানের সিনেমা ‘শাপলা শালুক’। রাশেদা আক্তার লাজুক পরিচালিত সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়। নির্মাণাধীন রয়েছে ‘ঢাকাইয়া দেবদাস’ নামের নতুন একটি সিনেমা।

