ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দর্শক পারিবারিক গল্পের নাটক দেখতে চায়

রুহুল আমিন ভূঁইয়া
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১২:২৭ এএম

নাটক, ওটিটি ও চলচ্চিত্রÑ তিন মাধ্যমেই সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার। ভালো অভিনয় দিয়ে দর্শকদের ভালোবাসায় বহু বার সিক্ত হয়েছেন তিনি। তিন মাধ্যমেই কাজ করে স্বাচ্ছন্দ্যেবোধ করছেন, আলাপকালে দৈনিক রূপালী বাংলাদেশকে জানান এই অভিনেতা।

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি অভিনয় উপভোগ করি। মাধ্যম যেটাই হোক অভিনয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। ছোট পর্দা বলে অভিনয় ছোট করে করি না। একই অভিনয় সব মাধ্যমেই করতে হয়। যে কারণে গল্প ও চরিত্র আমার কাছে সবসময় গুরুত্বপূর্ণ।’

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ও আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। তারকাবহুল দুটি সিনেমা থেকেই বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি নিজেও প্রেক্ষাগৃহে গিয়ে সরাসরি দর্শক প্রতিক্রিয়া দেখছেন, সরেজমিনে এমনটাই দেখা গেছে।

ইন্তেখাব দিনার বলেন, ‘দুটি সিনেমা থেকেই খুব ভালো দর্শক সাড়া পাচ্ছি। অনেকেই টিকিট না পেয়ে আক্ষেপ করেছেন। প্রিন্স ঘিরে যে জটিলতা ছিল তা কেটে যাওয়ার পর দর্শক চাহিদা তুঙ্গে। এমন সাড়া আনন্দিত করে। ঈদের মতো সারা বছর প্রেক্ষাগৃহে দর্শকদের এমন ভিড় দেখতে চাই।’

এদিকে, কেএম সোহাগ রানা পরিচালিত দর্শক নন্দিত ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘দেনা পাওনা’ শেষ হলেও দর্শক চাহিদায় এবারের ঈদে সিরিয়ালটির স্পেশাল পর্ব প্রচার হয়েছে। প্রথম কিস্তির মতো নতুন পর্ব থেকেও অভাবনীয় সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন ইন্তেখাব দিনার। এবারের ঈদে এই একটি মাত্র সিরিয়ালে কাজ করেছিলেন তিনি।

এ নিয়ে তিনি বলেন, ‘বরাবরের মতো দেনা পাওনার স্পেশাল পর্ব থেকেও বেশ সাড়া পেয়েছি। আগে এক সময় নাটক নিয়ে এমন দর্শক সাড়া পেতাম। মাঝে তা ছিল না। আবার বাংলা নাটকের দর্শক ফিরে এসেছে, তারই প্রমাণ সাম্প্রতিক সময়ের আমার নাটকগুলো। সব সময়ই পারিবারিক গল্পের চাহিদা আছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে দর্শক নিয়মিত নাটক দেখবেন।’

যোগ করে এই অভিনেতা আরও বলেন, ‘এটা আমাদেরই গল্প, দেনা পাওনাসহ সাম্প্রতিক সময়ের নাটকগুলো দর্শকদের নতুন করে ভাবিয়েছে এবং চোখ খুলে দিয়েছে। দর্শক পারিবারিক গল্পের নাটক দেখতে চায়। তার প্রমাণ এই দুটি ধারাবাহিক। এর গল্পগুলো আমাদের আশপাশেরই। সঠিকভাবে উপস্থাপন করা গেলে দর্শক দেখবেনই।’

কোনো ধরনের গল্পে কাজ করতে আগ্রহী জানতে চাইলে ইন্তেখাব দিনার বলেন, ‘আমি সব জনরার গল্পে কাজ করতে চাই। ভালো গল্পে কাজের আগ্রহ সব সময়ই ছিল। সায়েন্স ফিকশন, কমেডি, ট্র্যাজেডি সব জনরাই আমার পছন্দ। আমার কাছে গল্প গুরুত্বপূর্ণ।’

মাঝে ওটিটিতে বেশকিছু ভালো কাজ পাওয়া যায়। সেই কাজগুলোতে দিনারও ছিলেন। হঠাৎ করেই ওটিটির কাজ কমে গেছে। অনেক দিন ধরেই ভালো কাজের সংকট ডিজিটাল এই মাধ্যমটিতে। কমে যাওয়ার কারণ জানতে চান এই অভিনেতাও।

কী ধরনের চরিত্র টানে, এই প্রশ্নের উত্তরে ইন্তেখাব দিনার বলেন, ‘যে চরিত্রে চ্যালেঞ্জ নেওয়া যায়, যে চরিত্রটি আমার কাছে নতুন। চ্যালেঞ্জিং চরিত্র আমাকে বেশি টানে। এমন কাজই করতে চাই, যেখানে অভিনয় করার সুযোগ আছে এবং দর্শক অনেক দিন মনে রাখবে।’

বর্তমানে এই অভিনেতার ‘হাঙর’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তন্ময় সূর্য পরিচালিত সিনেমাটির কাজ অনেক আগেই শেষ হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘এই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। কাজটি করে ভালো লেগেছে। দর্শকরা আমাকে ভিন্নভাবে দেখবেন।’

এ সময়ের নাটকের বড় সমস্যা কী, এই প্রশ্নের উত্তরে ইন্তেখাব দিনার বলেন, ‘বাজেট বড় সমস্যা। যদি ভালো বাজেট দেওয়া হয় তাহলে অনেক ভালো নাটক নির্মাণ করা সম্ভব। আর বাজেট কমিয়ে শুরুতেই যদি হাত-পা বেঁধে দেওয়া হয়, তাহলে ভালো কাজ করতে সমস্যা তো হবেই। ভালো কাজের জন্য বাজেটের বিকল্প নেই।’

নাটকের ভিউ নিয়ে তিনি বলেন, ‘আসলে ভিউটা সাময়িক। ভালো কাজের স্থায়িত্ব বেশি। সবসময় ভালো কাজই টিকে থাকে। ভালো কাজ মানুষ দীর্ঘদিন মনে রাখে। একটি ভালো কাজই পারে শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখতে।’

দুই দশক ধরে কাজ করছেন এই অভিনেতা। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে খুবই ব্যস্ত সময় পার করছেন ইন্তেখাব। সালাউদ্দিন লাভলু পরিচালিত তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক ছিল ‘ঘোর’। প্রথম নাটকেই দর্শকদের দৃষ্টি কাড়েন তিনি। এরপর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বন্ধন’-এ অভিনয় করে পরিচিতি পান। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প।