ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেধার স্বপ্ন বড় পর্দা

রুহুল আমিন ভূঁইয়া
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৪৮ এএম

সময়ের আলোচিত নাম মালিহা মাসফিরাত মেধা। সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে রুনা লায়লা ও প্রীতম হাসানের গাওয়া ‘জ্বালা জ্বালা’ গানের সঙ্গে তার প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত নাচ রাতারাতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে লাল রঙের পোশাক পরে দারুণ নাচের ভঙ্গিমার কারণে নেটিজেনদের কাছে তিনি ‘লাল জামা পরা মেয়েটা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

গেল বৈশাখে বিভিন্ন বাংলা গানের সঙ্গে নেচেছে নর্থ সাউথের শিক্ষার্থীদের বেশ বড় একটা দল। তবে মেধার আলাদা করে নজর কাড়ার কারণ আছে। ঝলমলে হাসি আর একাগ্রতাই বলে দিচ্ছিল, ‘জ্বালা জ্বালা’ গানে নাচের দলটাকে তিনিই নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের অন্যতম ইনচার্জ হিসেবে ফ্ল্যাশমব ছিল মেধার প্রথম বড় দায়িত্ব। পুরো পারফরম্যান্সের কোরিওগ্রাফি, মঞ্চ পরিকল্পনা এবং দলীয় সমন্বয়ের একটি বড় অংশ ছিল তার নেতৃত্বে। ‘জ্বালা জ্বালা’ ও ‘মহা জাদু’Ñ দুটি গানে কোরিওগ্রাফি করেছেন তিনি। গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছিল। এরপর রাতারাতি পরিচিতি পান মেধা।

মহড়ার সময়ও মেধা ভাবতে পারেননি, নাচটা এত সাড়া ফেলবে। সম্প্রতি এফডিসিতে একটি গানচিত্রের শুটিংয়ে অংশ নেন। বিকেল গড়িয়ে সন্ধ্যায় নামায় সেটে আনা হয় পরিবর্তন। সেট থেকে নৃত্যপরিচালক হাবিব জানান, ইমতু রাতিশ মেকআপ রুমে আছেন। অভিনেতার খোঁজে গেলে কুশল বিনিময়ের এক ফাঁকে মেধার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। আলাপের ফাঁকে ইমতু বলেন, ‘কাজটিতে যুক্ত হওয়ার আগে জানতাম না মেধা এই গানে আছেন। অনেক পরে তার কথা জানতে পারি। মেধা খুব ভালো নাচেন। আমি নিজেও তার পারফরমেন্স উপভোগ করেছি।’

পরিচয়ের এক ফাঁকে মেধার কাছে জানতে চাইলে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘কখনো চিন্তা করিনি গানটি এভাবে ছড়িয়ে যাবে। তবে শতভাগ চেষ্টা ছিল ভালো করার। ঘুম থেকে উঠে দেখি ইনবক্স আর কমেন্ট বক্স ভরে গেছে। ততক্ষণেও বুঝে উঠতে পারিনি কি হয়েছে। তার পরের গল্প তো কারো অজানা নেই। গানটি এতটা ভাইরাল হয়েছে যে, শাকিব খানও দেখেছেন এবং তার অফিসিয়াল এসকে ফিল্মস পেজ থেকে শেয়ার করা হয়েছিল। এটাই অনেক বড় প্রাপ্তি। এরপর ‘প্রিন্স’ সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ যোগযোগ করেছেন। তার একটি কাজের প্রস্তাব দিয়েছেন। চূড়ান্ত হলে বলতে পারব।’

তরুণ এই মডেল বলেন, ‘কোরিওগ্রাফির সময় চেষ্টা করেছিলাম, পারফরম্যান্সটা যেন চোখে আরাম দেয়। যদি সবাই এক তালে করতে পারে, তাহলে খুব সাধারণ স্টেপও দারুণ লাগে। পুরো পারফরম্যান্সটাই জীবন্ত হয়ে ওঠে। আমরা সবসময় এটায় মনোযোগ দিয়েছি। সে জন্য হয়তো সবাই পছন্দ করেছেন।’

মেধা জানান, তিনি আগে থেকেই স্টেজে পারফর্ম করতেন। গানেরও মডেল হয়েছেন। তবে ‘জ্বালা জ্বালা’ গানটি ভাইরাল হলে তাকে আলাদা পরিচিত এনে দিয়েছে এবং কাজ বেড়েছে। সেইসঙ্গে পারিশ্রামিকও বেড়েছে। এরই মধ্যে তাকে বেশকিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনে এবং ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ সিজনে দেখা গেছে। আগামীতে বড় পর্দায় কাজের স্বপ্ন দেখছেন। এরই মধ্যে তিনি একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন। কাজ শেষ অচিরেই সিরিজটির ঘোষণা দিবে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে তাকে দেখা যাবে বলে জানান এই নবীন অভিনয়শিল্পী।

মেধা শুধু নাচের মঞ্চেই সীমাবদ্ধ নন। মডেল হিসেবেও নিয়মিত কাজ করছেন। ফটোশুটের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ধীরে ধীরে যুক্ত হয়েছেন বিভিন্ন বড় ব্র্যান্ডের প্রকল্পের সঙ্গে। টিভিসি এবং ওভিসিতেও এখন তার উপস্থিতি চোখে পড়ে। ক্যামেরার সামনে কাজ করার এই অভিজ্ঞতাই তাকে ধাপে ধাপে এগিয়ে দিচ্ছে স্বপ্নের দিকে। অভিনয় জগতে মেধার যাত্রা শুরু হয় জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মাধ্যমে। কোনো আনুষ্ঠানিক অডিশন ছাড়াই একজন কাস্টিং ডিরেক্টরের আহ্বানে তিনি যুক্ত হন এই প্রকল্পে। তবে মেধার লক্ষ্য আরও বড়।

আগামীর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন। আমি মেহজাবীন চৌধুরীর অনেক বড় ভক্ত। অনেকেই বলে আমাকে মেহজাবীনের মতো দেখতে। এটা শুনতে আমারও ভালো লাগে (হাসি)। লাক্স সুপারস্টার প্রতিযোগিতা খুব ভালো লাগে। সাত বছর পর নতুন করে এই প্রতিযোগিতা চালু হয়েছে। আগামীতে আমিও অংশ নেওয়ার কথা ভাবছি। অভিনয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আমাকে শুধু দেশের ভেতরেই নয়; বাইরের মানুষও চিনবে। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চাই। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।’

মেধা বড় হয়েছেন নওগাঁয়। শৈশবেই আনুষ্ঠানিকভাবে নাচের তালিম নেওয়া শুরু। তবে একটু যখন বড় হলেন, পড়ালেখার চাপ বাড়ল, ধীরে ধীরে থেমে গেল নাচের চর্চা। দীর্ঘ বিরতির পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসে আবার নতুন করে নাচে ফিরেছেন তিনি। মেধা বলেন, ‘আমার বেসিক ছিল ক্ল্যাসিক্যাল। ছোটবেলায় মূলত ভরতনাট্যম আর কত্থক বেশি করতাম। এরপর অনেক দিন নাচ থেকে দূরে থাকতে হয়েছে পড়াশোনার কারণে। কিন্তু নাচটা কখনোই আমার ভেতর থেকে হারিয়ে যায়নি। বিশ্ববিদ্যালয়ে এসে মনে হলো, এখন আবার শুরু করা উচিত। তারপর আলিফিয়া স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে নাচ শুরু করি, নিজেকে আরও ভিন্ন ঘরানায় গড়ে তোলার সুযোগ পাই।’

সম্প্রতি নতুন দুটি গানে মডেল হয়েছেন মেধা। তার মধ্যে কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলনের গাওয়া ‘কান পেতে শোন’ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আকাশ সেন-সানজিদা রিমির গাওয়া ‘প্রেমের আগুন’ শিরোনামের গান-ভিডিও। এ ছাড়া আসছে কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে সীমান্তের দুই প্রান্তের দুই হৃদয়ের গল্পে ওয়েব ফিল্ম ‘তাজমহল’। ওয়াহিদ আনাম পরিচালিত ওয়েব ফিল্মটিতে রয়েছেন মেধাও। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি ‘সোহাগ চাঁদ’ শিরোনামের একটি গান মুক্তি পেয়েছে। গানে মেধার উপস্থিতি নজর কেড়েছে।