জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো দেশীয় ওটিতি কাজ করেছেন। বড় পর্দায় গ্ল্যামারাস ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও, ওটিটি প্ল্যাটফর্মের কোনো প্রজেক্টে এটিই তার প্রথম কাজ। গত ২১ জুন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে বাবা-মেয়ের আবেগঘন সম্পর্ক দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে এটি দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে ফিল্মটির গল্প এবং শিল্পীদের অভিনয় দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে।
পর্দায় বাবা–মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং ফিল্মটির মূল আবেগের সঙ্গে নিজের বাস্তব জীবনের অনুভূতি মেলাতে গিয়ে মিম কান্না ধরে রাখতে পারেননি। ফিল্মটিতে বাবা–মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ এবং বিদ্যা সিনহা মিম।
তিনি বলেন, ‘এই গল্পটা আমার পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড। কারণ, আমার বাবা-মায়েরও বয়স হচ্ছে। তারাও মাঝেমধ্যে অসুস্থ হচ্ছে। সবার লাইফে এটা হয়। অনন্যা চরিত্র করতে গিয়েও আমি একই অনুভুতি ফিল করেছি। তাই আলাদা করে আমাকে চরিত্রে ঢুকতে হয়নি। এই কাজটি রিলিজের পর যারা দেখছেন সবাই ভীষণ প্রশংসা করছেন। আমি খুব সিওর যে লাইফলাইন যারাই দেখবে তাদের কাছে ভালো লাগবে।’
ফিল্মের ’আমারে নাও’ গানটিও পছন্দ করেছেন দর্শকরা–শ্রোতারা। নির্মাতা কাজী আসাদের কথায় জাহিদ নিরবের সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাতিমা তুয যাহরা ঐশী। ‘লাইফলাইন’–এর মাধ্যমে বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করলেন চরকির কোনো প্রজেক্টে। ফিল্মটির নির্মাতা কাজী আসাদ।

