‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ এই স্লোগানে গাইবান্ধায় মুক্তিযুদ্ধে শহিদ স্মৃতি বধ্যভূমি রক্ষায় র্যালি, আলোচনা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামসংলগ্ন বধ্যভূমিতে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
জেলা বধ্যভূমি সংরক্ষণ পরিষদের আয়োজনে সকালে মুক্তিযুদ্ধ বিজয়স্তম্ভ চত্বর থেকে নারী-পুরুষ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী মানুষ শহর প্রদক্ষিণ শেষে স্টেডিয়ামসংলগ্ন বধ্যভূমি এলাকায় যান। সেখানে প্রবীণ সাংবাদিক গোবিন্দ লাল দাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিট কমান্ডার আব্দুল কাদের, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, অ্যাডভোকেট আশরাফ আলী, রাজনীতিক আহসান হাবীব সাঈদ, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পি, অ্যাডভোকেট কাসেম ইয়াজবী, সদস্যসচিব অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, রাজনীতিক আবু রাহেন শফিউল্লাহ, কবি নাসরিন রেখা, নাট্য সংগঠক ও কবি শাহনাজ আমিন মুন্নিসহ অন্যরা।
বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে গাইবান্ধার প্রধান বধ্যভূমিসহ বেশ কিছু বধ্যভূমি বেদখল করে রাখা হয়েছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী প্রজন্মের কাছে আড়াল করতে বধ্যভূমি দখল করে কড়াতকল ও মদের দোকানসহ বিভিন্ন অবকাঠামো করেছে। আমরা বধ্যভূমিগুলো দখলমুক্ত করে আগামী প্রজন্মের কাছে বধ্যভূমির কথা তুলে ধরতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চাই।

