বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি জরাজীর্ণ সেতু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্যেপাড়া এলাকায় খালের ওপর নির্মিত সেতুটি এখন এলাকাবাসীর কাছে যেন এক ‘মরণফাঁদ’ হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে নির্মিত সেতুটি নির্মাণের ৮ থেকে ১০ বছরের মধ্যেই বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বর্তমানে সেতুর মাঝখান ভেঙে গেছে এবং দু’পাশের রেলিং ভেঙে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ অবস্থায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ ও কাঠের পাটাতন দিয়ে অস্থায়ীভাবে সেতুটি মেরামত করেছেন। বাঁশের খুঁটি বেঁধে কোনো রকমে চলাচলের ব্যবস্থা করা হলেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছেন শত শত মানুষ।
বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি আরও বেশি। বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এই ভাঙা সেতুই ব্যবহার করতে হচ্ছে তাদের। স্থানীয়দের অভিযোগ, রাতে অন্ধকারে চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সেতুটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ‘সেতুটির অবস্থা খুবই খারাপ। দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটি পুনর্নির্মাণ বা সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

