ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের

সরকারি নয়নজুলি দখল করে বিলবোর্ড নির্মাণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:১০ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর এলাকায় সরকারি নয়নজুলির (সরু জলাশয় বা খাল) জায়গা দখল করে অবৈধভাবে বিলবোর্ড নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত সাপেক্ষে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

সরকারি সম্পত্তি দখল ও প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে অবস্থিত সরকারি নয়নজুলির একটি অংশ দখল করে একটি প্রতিষ্ঠান বিলবোর্ড নির্মাণের কাজ শুরু করে। গত ২৪ মে দাদপুর নাহার এগ্রো ফিডমিল কর্তৃপক্ষ সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অনুমতি ছাড়া বিলবোর্ড নির্মাণের কারণে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে, যা ভবিষ্যতে জলাবদ্ধতা সৃষ্টিসহ পরিবেশগত ক্ষতি ও সড়ক নিরাপত্তায় ঝুঁকি তৈরি করতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলকা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত জায়গাটি লাল নিশান দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কোম্পানিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশে এ ধরনের সরকারি জায়গা দখল উদ্বেগের বিষয়। তারা সরকারি সম্পত্তি রক্ষা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, গত ২৪ মে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে জায়গাটি চিহ্নিত করা হয়েছে এবং নির্মাণকাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। তদন্তে সরকারি জমি দখলের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।