ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

প্রতিবাদ সভা

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৮:২৮ এএম

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডা. শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার অভিযোগের ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ সমাবেশে সাবেক নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের প্রতিবাদী কৃষিবিদরা অংশ নেন। প্রতিবাদ সভাটি কৃষিবিদ ড. মো. সাদেকুজ্জামানের সঞ্চালনায় এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, চাপ প্রয়োগ এবং ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে চার লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা আরও বলেন, কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত।