ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

বন্য হাতির আক্রমণে কাঠ শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:৫৯ এএম

জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে ভারতীয় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে জয়নাল মিয়া (৬২) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে গারো পাহাড়ের সোমনাথপাড়া ১০৮৮ পিলার সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে বন বিভাগের লোকজন তার মরদেহ উদ্ধার করে। নিহত জয়নাল মিয়া বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত অনিক ম-লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া শুক্রবার সকালে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গারো পাহাড়ে যান। রাতে তিনি আর ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে বন বিভাগের লোকজন পাহাড়ের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে সোমনাথপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে হাতির পায়ের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৯টার দিকে হাতির আক্রমণের শিকার হয়ে তিনি মারা যান।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, জয়নাল অত্যন্ত দরিদ্র ছিলেন। তার পরিবারের পাশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানিয়েছেন, নিহত শ্রমিকের পরিবার আবেদন করলে সরকারিভাবে তাদের সহায়তা দেওয়া হবে।

সীমান্তবর্তী গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রব নতুন নয়। প্রায়ই এ ধরনের অনাকাক্সিক্ষত প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।