ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

তদন্তের নির্দেশ

উদ্বোধনের আগেই ধসে পড়ল ভূমি অফিসের ক্যান্টিলিভার ছাদ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:৫৯ এএম

হবিগঞ্জের বাহুবলে নবনির্মিত পুটিজুরি ইউনিয়ন ভূমি অফিসের সামনের ক্যান্টিলিভার ছাদ উদ্বোধনের আগেই ধসে পড়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র এক মাসের মাথায় গত শুক্রবার আকস্মিক এই ধসের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার এবং তদারকির চরম গাফিলতির কারণেই এমনটা ঘটেছে।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে এলজিইডির টিইউএলআইপি-২ প্রকল্পের আওতায় ৯২ লাখ ১৩ হাজার ৯৮৬ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ পায় হবিগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স নিপা ভূইয়া’। স্থানীয় বাসিন্দা ছাব্বির আহমেদ জানান, অত্যন্ত নি¤œমানের সামগ্রী ব্যবহারের কারণেই নির্মাণের অল্প দিনের মধ্যে ভবনের গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুরো ভবনের নির্মাণমান পুনরায় পরীক্ষা করার দাবি জানান।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সজিব আহমেদ জানান, সাটারিং খোলার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ক্যান্টিলিভার অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নির্মাণকাজে কিছুটা অনিয়মের বিষয়টি স্বীকার করে দ্রুত এটি মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক প্রভাবশালী হওয়ায় আগে কোনো অভিযোগ আমলে নেওয়া হয়নি।

এদিকে ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রডের বাইন্ডিংয়ে ত্রুটি বা কনক্রিটে হানিকম্বের কারণে এমনটা হতে পারে।

ইউএনও উজ্জ্বল রায় বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাদটি কি স্বাভাবিকভাবে ধসে পড়েছে নাকি কোনো ত্রুটির কারণে ভেঙেছে, তা তদন্ত সাপেক্ষ বলা যাবে। সংশ্লিষ্টদের ক্যান্টিলিভার অংশটি পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নির্মাণকাজে গাফিলতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।