বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত কৃষি প্রযুক্তিগুলো যেন শুধু গবেষণাগারে আটকে না থাকে, বরং তা মাঠ পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে উৎপাদন বাড়াতে এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখেÑ সেটিই আমাদের মূল লক্ষ্য। গতকাল শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘গাকৃবির উদ্ভাবিত প্রযুক্তির পরিচিতিকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সের সেমিনারকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা শুধু প্রকাশনা বা ল্যাবরেটরির গ-িতে সীমাবদ্ধ থাকলে তার পূর্ণ মূল্যায়ন হয় না। প্রকৃত সার্থকতা তখনই আসে, যখন সেই উদ্ভাবন কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন খরচ কমিয়ে তাদের আয় বাড়াতে সহায়তা করে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণাকে সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে এবং কৃষকের আস্থা ও বাস্তব অভিজ্ঞতাকে গবেষণার শক্তিতে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত আধুনিক উৎপাদন কৌশল, কৃষি যান্ত্রিকীকরণ এবং জলবায়ু সহনশীল প্রযুক্তির নানা দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি দেখান কীভাবে এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকেরা অধিক ফলন পেতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং পরিচালক (গবেষণা) অ্যাধ্যাপক ড. মো. মসিউল ইসলাম। এ ছাড়া গাজীপুর সদর ও শ্রীপুরের বিভিন্ন স্তরের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তারা এবং স্থানীয় ৪০ জন কৃষক-কৃষাণি ও খামারি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কৃষক ও গবেষকদের মধ্যে এক প্রাণবন্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। যেখানে কৃষকরা তাদের মাঠ পর্যায়ের বাস্তব চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সেসব সমস্যার সমাধানে প্রযুক্তিগত দিকনির্দেশনা প্রদান করেন। সেমিনারের শেষে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সরেজমিন পরিদর্শনের সুযোগ পান।

