ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অস্ত্র ও মাদক জব্দ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:২১ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা বিওপির (সীমান্ত ফাঁড়ি) দায়িত্বপূর্ণ এলাকার বেলেহাটি গ্রামে এই অভিযান চালানো হয়। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি-৫৮ ব্যাটালিয়ন। বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামন্তা বিওপির একটি দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে দলটি দুই চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্ত পিলার ৫৭/১-এস এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৩০০ গজ ভেতরে ঢুকে পড়ে। পরে তারা বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড়ের জঙ্গলে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।