ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

নবাবগঞ্জ ঘাট মহাশ্মশান রক্ষায় ১৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:২৯ এএম

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও মহাশ্মশানের উন্নয়ন, সংরক্ষণ এবং সুরক্ষার লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি থাকা, মহাশ্মশানের দৃশ্যমান উন্নয়ন না হওয়া, জমি বেদখলের অভিযোগ এবং গাছপালা ধ্বংসের আশঙ্কায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এক খোলা সভায় এ কমিটি গঠন করা হয়। গত শুক্রবার দুপুর ১২টায় উপজেলার বিহারপুর নবাবগঞ্জ ঘাট (পারঘাটি) কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মহাশ্মশান ব্যবহারকারী বিভিন্ন হিন্দুপাড়ার পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। তারা নবগঠিত কমিটির প্রতি সমর্থন ও সম্মতি জানান। সভায় সভাপতিত্ব করেন শ্রী কণ্ঠ দাস এবং সঞ্চালনা করেন সুবোধ আচার্য্য। ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী কিশোর বিহানীকে আহ্বায়ক এবং উদয় সিংহ রায়কে সদস্যসচিব করে ১৫ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা পূর্ববর্তী কমিটির সঙ্গে আলোচনা করে মহাশ্মশানের উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, বিএনপি নেতা বাদশা চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিতিশ কুমার ম-ল, উপজেলা শাখার সভাপতি সজল কুমার, সদস্যসচিব রতন কুমার শীল, নবাবগঞ্জ ঘাট দেবস্থান ও মহাশ্মশান সমাজ কল্যাণ সংঘের সদস্য মনোজ আগরওয়ালা, বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিতল কুমার দাস, সংবাদকর্মী চৈতন্য চ্যাটার্জী ও সমাজসেবী মৌসুমী ম-লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, নবাবগঞ্জ ঘাট মহাশ্মশানের জমি রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বেদখলমুক্ত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপস্থিত অতিথিরা মহাশ্মশান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত সমন্বয় কমিটি মহাশ্মশানের উন্নয়ন, সুরক্ষা ও ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।