ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবার বাফুফের কোচ বিপ্লব ভট্টচার্য্য

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৭:৪৬ এএম

দুই বছর পর আবারও জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগে বাফুফের গোলরক্ষক কোচ হিসেবে জাতীয় নারী ও পুরুষ দল এবং একাডেমিতে কাজ করেছিলেন বিপ্লব। এরপর নিজেই ফুটবল ফেডারেশন ছেড়ে ক্লাব কোচিংয়ে যোগ দেন। পরে তাকে আর কোচিংয়ের সক্রিয় দেখা যায়নি। এবার বিপ্লব নতুন বছরে নতুন করে যোগ দিচ্ছেন বাফুফেতে। বিপ্লবের পাশাপাশি নতুন বছরে আরও তিনজন নতুন কোচ নিয়েছে বাফুফে। সাবেক জাতীয় ফুটবলার আতিকুর রহমান মিশু, আকবর হোসেন রিদনের পাশাপাশি নারী ফুটবলার লিনা চাকমাকে বাফুফে নিয়োগ দিচ্ছে। আতিকুর রহমান মিশু ফর্টিজ ও ব্রাদার্স ইউনিয়নে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। তৃণমূল ফুটবলে কাজ করতে আগ্রহী হওয়ায় বাফুফেতে যোগ দিচ্ছেন তিনি। সাবেক ফুটবলার লিনা চাকমা নারীদের মধ্যে এ লাইসেন্সধারী। নারী ফুটবল ও ফুটসাল দুই ক্ষেত্রেই তাকে কাজে লাগাতে চায় ফেডারেশন।  বাফুফে একাডেমির হেড কোচ গোলাম রব্বানী ছোটনের চুক্তি গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছিল। তার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ফেডারেশন। ছোটনের পাশাপাশি ২০২৫ সালে বাফুফেতে কাজ করা ২১ জনের চুক্তিও আরও এক বছর নবায়ন হয়েছে। বাফুফের প্যানেলভুক্ত কোচের সংখ্যা ২০২৬ সালে দাঁড়াচ্ছে ২৫-এ। ফিফার পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাফুফেকে আর্থিক অনুদান দেয়। সেই অনুদানের একটি বড় অংশ ব্যয় হয় স্থানীয় কোচদের পেছনে। প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী বছরের কোচদের তালিকা এএফসিতে পাঠাতে হয়। বাফুফেতে ২০ জনের বেশি কোচ থাকলেও চীনে এএফসি অ-১৭ বাছাই টুর্নামেন্টে সহকারী কোচ ছিলেন বিকেএসপির কোচ ইমরুল।