ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দূর হলো বিসিবি নির্বাচনের অনিশ্চয়তা

মাঠে ময়দানে প্রতিবেদক
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৬:৫৬ এএম

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তপশিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনের পথে আর কোনো আইনি বাধা থাকল না।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে গত মঙ্গলবার ‘উত্থাপিত হয়নি’ মর্মে রিটটি খারিজ করে দেন। আদালতের এই আদেশের পর বিসিবি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী এবং শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং ২০২৬ সালের পরিচালনা পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

ওই চিঠি প্রত্যাহার এবং নির্বাচনের তপশিল স্থগিতের দাবিতে গত ১৮ মে হাইকোর্টে রিট আবেদন করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন। অন্য রিটকারীরা হলেনÑ মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ ও মো. রাকিবুল ইসলাম।

হাইকোর্টের এই আদেশের ফলে বিসিবি নির্বাচনের দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হলো এবং নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পথ সুগম হলো।