নারায়ণগঞ্জের বন্দর এলাকার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান মিয়া খোকন স্থাপন করেছেন এক অনন্য নজির। মায়ের জন্মদিনে তাকে হেলিকপ্টারে ঘুরিয়ে এই নজির স্থাপন করেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বরের ওয়ার্ডের চরঘারমোড়া এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে মোহাম্মদ হাসান মিয়া খোকন তার মায়ের শখ পূরণ করতে এ আয়োজন করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ছিল তার মা হামিদা খাতুনের (৬০) জন্মদিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরঘারমোড়া এলাকার বাগানবাড়ি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড্ডয়ন করে নারায়ণগঞ্জ ঘুরে আবার সেখানেই অবতরণ করে।
মোহাম্মদ হাসান মিয়া খোকন একজন প্রবাসী। সিঙ্গাপুরে তার ব্যবসা রয়েছে। ২০২৪ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিট্যান্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেছিলেন তিনি।
মোহাম্মদ হাসান মিয়া খোকন বলেন, মাকে সম্মান জানিয়ে তার স্বপ্ন পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে মায়ের অনেক অবদান রয়েছে। একই সঙ্গে মায়ের জন্মদিন। তার জন্মদিনকে সামনে রেখে এই আয়োজন করা হয়। এতে আমার মা কী পরিমাণ খুশি হয়েছেন সেটা বলে বুঝাতে পারব না। পাশাপাশি আমার পরিবারের সদস্যরাও হেলিকপ্টারে ঘুরেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন