খুলনার কয়রা উপজেলার বেদকাশি উপস্বাস্থ্যকেন্দ্র এক বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এর ফলে কয়রা সদর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের হাজারো মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেদকাশি উপস্বাস্থ্য কেন্দ্রটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।
এখানে আগে শশাস্ক শেখর রায় নামে একজন ফার্মাসিস্ট ছিলেন। তিনি ২০২৪ সালে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে যশোরে বদলি হওয়ায় কেন্দ্রটিতে নতুন কোনো জনবল নিয়োগ করা হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০ কিলোমিটার দূরে হওয়ায় তিন ইউনিয়নের মানুষ স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা গ্রহণ করতেন।
এক বছরের বেশি সময় ধরে কেন্দ্রটি তালাবদ্ধ থাকায় দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্যসেবা নিতে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।
সরেজমিন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেদকাশি স্বাস্থ্যকেন্দ্রটি তিন কক্ষবিশিষ্ট আধাপাকা ভবন, যা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেয়ালের পলেস্তারা ধসে গেছে, মেঝেতে ফাটল দেখা দিয়েছে। দরজা ও জানালা নষ্ট, বাথরুম ও প্যান ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এইচইপিতে চিঠি দেওয়া হয়েছে। নতুন অর্থবছরে অর্থাভাবে ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন