মাগুরার শালিখা উপজেলার গজদুরবা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত যুবক ওই গ্রামের টুকুন মণ্ডলের ছেলে টিটো মণ্ডল। তাকে উদ্ধার করতে গিয়ে আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা মাগুরা ও ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতরা হলেন—লাবিব মণ্ডল, ডলার মণ্ডল, ফাহিম মণ্ডল, মাহিম মণ্ডল ও শাকিল মণ্ডল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, টিটো মণ্ডলের ঘনিষ্ঠ বন্ধু ধনেশ্বরগাতী গ্রামের কামরুল ইসলামের ছেলে রাতুল তাকে ফোনে করে বাড়ি থেকে ডেকে ফটকী নদীর তীরে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর নাঘোষা গ্রামের লিটন মুসল্লির ছেলে ফাহিম মুসল্লি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তাকে উদ্ধার করতে গিয়ে চারজন ছুরিকাঘাতের শিকার হন।
এ ব্যাপারে তাদের সহপাঠী শের আলী মণ্ডল জানায়, তাদের সঙ্গে আরও ছিল কামাল ভূঁইয়ার ছেলে নয়ন ও গিয়াস মোল্লার ছেলে সাব্বির হোসেন।
তাদের দুজনেরই বাড়ি গজদূর্বা গ্রামে। ঘটনার পর সবাই পালিয়ে গেলেও খুনি ফাহিম পালাতে গিয়ে জনতার হাতে আটক হয়। আটকের পর ফাহিমকে শালিখা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা কেউ বলতে পারেনি।
জমির উদ্দিন মণ্ডল জানান, নিহত টিটো খুবই ভালো ছেলে। আমার জানামতে তার কোনো শত্রু নেই।
প্রতিবেশীরা বলেন, টিটো খুবই উপকারী ছেলে। মানুষের যে কোনো বিপদে সে সবার আগে এগিয়ে আসেন।
এ ব্যাপারে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মোতালেব হোসেন জানান, এ ঘটনায় একজন আটক হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।


-20260102144814.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন