দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় নিজ ঘরে গলা কেটে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১২ ডিসেম্বর তারিখ সকাল সাড়ে ১১টার দিকে বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে অবস্থান করছিলেন মোঃ দানিউল ইসলাম (৫৬)।
ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খাবার খেয়ে তিনি নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ওই সময় তার ধর্মবোন মোছাঃ নূর জাহান বেগম ও তার স্বামী রফিকুল ইসলাম তাকে দেখাশোনা শেষে নিজ বাড়িতে চলে যান।
পরদিন ১৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে তারা বাড়িতে এসে পকেট গেইট খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে শয়নকক্ষে গিয়ে তারা খাটের ওপর কম্বলে আংশিক ঢাকা অবস্থায় দানিউল ইসলামের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বীরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বীরগঞ্জ থানায় মামলা নং-১২, তারিখ- ১৩/১২/২০২৫ ইং হিসেবে রুজু হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় শনিবার র্যাবের যৌথ অভিযানে খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা সেতুর টোলপ্লাজা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে হত্যা মামলার পলাতক আসামি মোঃ আবু বক্কর ওরফে বাদশাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে এ ধরনের সহিংস অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন