আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কাছে সকল প্রার্থী সমান। এখানে বড় দল বা ছোট দলের কোনো ভেদাভেদ নেই। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। এবার সে বিষয়ে অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না। জনগণের ভোট জনগণের মাধ্যমেই প্রয়োগ হবে—সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।
জেলা প্রশাসক আরও বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করতে পারাই প্রশাসনের সাফল্য। তিনি সচেতন জনগণকে নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় নারায়ণগঞ্জ-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, আচরণবিধি প্রতিপালন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইমদাদুল্লাহ, গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. রেহান আফজাল। তবে অজ্ঞাত কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল সভায় অনুপস্থিত ছিলেন।
এ সময় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা কায়েতপাড়া, গোলাকান্দাইল ও ভুলতা এলাকায় ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ, র্যাব-১১ ও র্যাব-১-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও গণভোট ঘিরে যেকোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

-20260124205119.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন