ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন নিউজপোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিব বিজয়ী হলে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দরভাবে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে ঈশ্বরদী বিমানবন্দর চালু, রেলওয়ে জংশন স্টেশন আধুনিকায়ন, রেলগেট সমস্যা সমাধান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দরভাবে সাজানো হবে। ঈশ্বরদীকে উচ্চ পর্যায়ে উন্নীত করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম।
২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর হাবিবুর রহমান হাবিব এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় তিনি ঈশ্বরদী এবং আটঘরিয়ার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, সব সমস্যা সমাধান করতে হলে আমাকে প্রথমে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে সব সমস্যা সমাধান করা হবে।
তিনি সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ভেঙে দিয়েছে। নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূল ও খেলাধূলার উন্নয়নের জন্য স্টেডিয়াম, বিনোদনকেন্দ্র শিশুপার্ক ও পাঠাগার নির্মাণ করা হবে। এ ছাড়া বিমানবন্দর চালু, রেলস্টেশন আধুনিকায়ন ও প্রেসক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখা হবে।
হাবিব আরও বলেন, আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়, ফল ও শাকসবজি সংরক্ষণাগারসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এভাবে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দরভাবে সাজানো হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। সভা সমন্বয় করেন সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশ।

-20260124220714.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন