ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ক্ষমতায় গেলে নারায়ণগঞ্জের মাদক স্পটগুলো বন্ধ করবে বিএনপি: তারেক রহমান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৪:০৬ এএম
নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারায়ণগঞ্জে অন্তত ২০টি মাদক স্পট রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব মাদক স্পট বন্ধ করে দেওয়া হবে।

রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এই এলাকায় মাদক ও দুর্নীতির বিস্তার ঘটেছে। আমরা দুর্নীতির লাগাম টানতে চাই। একই সঙ্গে দেশে ও বিদেশে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

তিনি বলেন, মা-বোনরা যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে এবং ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে—সে পরিবেশ আমরা নিশ্চিত করব। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, গৃহিণী ও মা-বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে ১০ দিনের সমপরিমাণ সহায়তা দেওয়া হবে। সহায়তা নগদ অর্থ অথবা খাদ্যসামগ্রী আকারে দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, এই এলাকার অনেক নদী-নালা ভরাট হয়ে গেছে, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে পুনরায় খাল খনন করা হবে। পাশাপাশি ভেঙে পড়া রাস্তাঘাট, স্কুল ও কালভার্ট পুনর্নির্মাণ করা হবে।

মসজিদ ও মাদ্রাসার ইমাম-খতিবদের সম্মানী প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান তারেক রহমান।

ভোটের প্রসঙ্গে তিনি বলেন, ভোটের দিন আজকের মতো সবাইকে উপস্থিত থেকে ভোটকেন্দ্রে যেতে হবে। গত ১৫-১৬ বছরে দেশে ডামি নির্বাচন হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নিজের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তারেক রহমান বলেন, জনগণের অধিকারের পাহারা জনগণকেই দিতে হবে। আপনারা পাশে থাকলে আমরা সফল হতে পারব।