জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়ে দলীয় প্রচার ছেড়ে আকস্মিক ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিএনপি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, নুরুল ইসলাম সেলুন গত তিন দিন ধরে তার মাকে সিলেট হাসপাতালে চিকিৎসা করানোর ‘মিথ্যা অজুহাত’ দেখিয়ে রাজনগর উপজেলার নির্বাচনি প্রচার ছেড়ে চলে গেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে তিনি ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপন বা উধাও রয়েছেন। জেলা কমিটির অভিযোগ, প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর শক্ত অবস্থানের সামনে রাজনগরের বেশকিছু ইউনিয়নে দলীয় অবস্থান বর্তমানে ঝুঁকিপূর্ণ। বিশেষত ক্রান্তিকালে দায়িত্বহীন আচরণে ধানের শীষ চিহ্নের প্রচারে সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।
জেলা বিএনপি তার এই কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য, স্বেচ্ছাচারী ও দায়িত্বজ্ঞানহীন হিসেবে আখ্যায়িত করেছে। এ জন্য তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে, কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।
বিষয়টি সম্পর্কে জানতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শোকজ বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।
এ ছাড়া রাজনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম সেলুনের ব্যক্তিগত মোবাইলেও যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া গেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন